কুমিল্লায় প্রেমঘটিত বিরোধে যুবক খুন, তরুণী আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে এক তরুণী তার প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে স্থানীয়রা ওই তরুণী ও তার বন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার ভোরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে ২২ বছরের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাইয়েদ আব্দুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। ঘটনায় এক তরুণীসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক তরুণী নাইমা জাহান (১৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে। অন্যজন হলেন সিয়ামের বন্ধু আরিয়ান খান। পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের সঙ্গে নাইমার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নাইমা গর্ভধারণ করেন এবং বিয়ের আশ্বাসে গর্ভপাত করেন। পরে সিয়াম বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করে। গতকাল রাতে বিয়ের দাবিতে নাইমা সিয়ামের গ্রামের বাড়িতে যান। সেসময় সিয়ামের বন্ধু আরিয়ানও সেখানে ছিলেন। ভোরে সিয়াম নাইমাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাইমা ঘরে রাখা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আরিফ হোসাইন জানান, হত্যার বিষয়টি স্বীকার করেছে নাইমা। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।