ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর মৃত্যু বেড়ে ৬০ জনে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৬০ শিশুর মৃত্যু হলো। গত ২৭ জুন তারাকান্দা উপজেলা থেকে ভর্তি হওয়া ৯ মাস বয়সি শিশুটি পরদিনই মারা যায়।
ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট ৬০ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৮ জুন বিকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। চিকিৎসক জানান, হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৫ শিশু।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৪২৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২৭২ শিশু।