সব সংবাদ
শিক্ষা

গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত, সবাইকে অর্থ ফেরত দিতে নির্দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা শিক্ষাছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করেননি। এছাড়া আরও এক শিক্ষককে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও পিএইচডি স্কলারশিপ-সংক্রান্ত অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৭ জন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে ১৬ জন শিক্ষক শিক্ষাছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত হয়েছেন। গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাছুটিতে বিদেশে অবস্থানরত এই শিক্ষকদের বারবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারা সাড়া না দেওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন, আইন, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকরা। অপরদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্তে দেখা যায়, তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের প্রয়োজনীয় নথি জমা দেননি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক লিখিত যোগাযোগে কোনো জবাব দেননি। চাকরিচ্যুত সকল শিক্ষককে ছুটিকালীন বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।