ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু, চলতি মাসে মোট ১৩ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি জুন মাসে ডেঙ্গুতে মোট ১৩ জন এবং বছরে মোট ১৮ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৯ জুন) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হলো এবং বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে গেছেন ৫ হাজার ৪৫৫ জন। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে মাত্র ৫ জনের মৃত্যু হয়েছিল। এ বছর এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ ও ২ হাজার ২৪৪ জন নারী।