২০২৫ সালে পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি শিশু নিহত
২০২৫ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৫৪ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ১৯৬৭ সালে এই অঞ্চল দখলের পর এটি সবচেয়ে বেশি শিশু মৃত্যুর বছর।
দখলকৃত পশ্চিম তীরে ২০২৫ সালে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি শিশু ও কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি'সেলেমের তথ্যমতে, ১৯৬৭ সালে ফিলিস্তিনের এই অঞ্চলটি দখল করার পর থেকে গত বছরই সেখানে সবচেয়ে বেশি সংখ্যক শিশু নিহত হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত পশ্চিম তীরে মোট ১,০৮৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে ২৪১ জনই ছিল শিশু—যা মোট নিহতের প্রায় এক-চতুর্থাংশ। বি'সেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের এই নজিরবিহীন হত্যাকাণ্ড ইসরায়েলের সামগ্রিক নীতির ফল এবং এই নীতি কোনো জবাবদিহিতা ছাড়াই ফিলিস্তিনিদের হত্যার সুযোগ করে দেয়। প্রতিবেদনে আরও উঠে এসেছে, ২০২৫ সালে নথিভুক্ত ঘটনাগুলোর প্রায় এক-চতুর্থাংশ ক্ষেত্রে আহত শিশুদের কাছে মেডিকেল টিম বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, গত বছর নিহত ৫৪ শিশুর মধ্যে ১৮ জনের মরদেহ এখনো আটকে রেখেছে ইসরায়েল।