সব সংবাদ
অর্থনীতি

ব্যাংকিং লেনদেনে কোম্পানি করহার কমছে আড়াই শতাংশ

সকল আয় ব্যাংকের মাধ্যমে ট্রান্সফারের শর্তে কোম্পানিদের করহার কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুঁজিবাজার টেকসই করতে এ প্রস্তাবে তালিকাভুক্ত কোম্পানিদের জন্য অতিরিক্ত ৭.৫ শতাংশ কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কোম্পানিদের করহার কমানোর প্রস্তাব দেন। তাঁর ঘোষণা অনুযায়ী, যেসব কোম্পানি তাদের সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করবে, তাদের জন্য আড়াই শতাংশ কর ছাড় দেওয়া হবে। এছাড়াও পুঁজিবাজার টেকসই করতে লিস্টেড কোম্পানিদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যেসব তালিকাভুক্ত কোম্পানি শেয়ার বাজারে ১০ শতাংশ বা তার বেশি শেয়ার অফলোড করেছে, তাদের কর হার নন-লিস্টেড কোম্পানির তুলনায় ৭.৫০ শতাংশ কম হবে। বর্তমানে কোম্পানি করদাতার জন্য খাতভিত্তিক বিভিন্ন করহার রয়েছে। চলতি অর্থবছরে শর্ত ছাড়া করহার সাড়ে ২৭ শতাংশ এবং শর্ত পূরণে ২৫ শতাংশ। পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির করহার ২২.৫০ শতাংশ এবং শর্ত পালনে ২০ শতাংশ। অর্থমন্ত্রী আরও বেশ কিছু সংশোধনী প্রস্তাব আনেন। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে, যা গত দেড়দশক ধরে করারোপ ছিল। যেকোনো পরিমাণ শেয়ার হস্তান্তর করে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে ২.৫ শতাংশ কর হ্রাসের প্রস্তাবও করা হয়েছে। কোম্পানি করদাতাদের লভ্যাংশের ওপর করের হার ২০ শতাংশ এবং ব্যক্তি করদাতাদের জন্য ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগের ওপর কর রেয়াতের ক্ষেত্রে ৫ লাখ টাকার সীমাও প্রত্যাহার করা হবে।