সব সংবাদ
রাজনীতি

জামায়াত আমিরের সংসদে ঐক্যের আহ্বান, সরকারি-বিরোধী দলকে যানবাহনের দুই চাকা হিসেবে তুলনা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে সরকারি দলের সমালোচনার জবাবে দলটির আমির শফিকুর রহমান পারস্পরিক সম্মান ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারি ও বিরোধী দলকে যানবাহনের দুই চাকার সাথে তুলনা করে বলেছেন, যেকোনো একটি চাকা অকেজো হলে পুরো যানবাহন চলবে না।

জাতীয় সংসদে সরকারি দলের এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, প্রায় সকল বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন—এগুলো ছাড়েন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। তিনি এই প্রবণতা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সংসদের ভূমিকার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারি ও বিরোধী দল একসময় একদিকেই বসত। এখন তারা দুই অংশে বিভক্ত—সরকারি দল ও বিরোধী দল। তিনি এই দুই দলকে যানবাহনের দুই চাকার সাথে তুলনা করে বলেন, যেকোনো একটি চাকা যদি অকেজো হয়ে যায়, পুরো যানবাহন অকেজো হয়ে যায়। তাই দুটি চাকা সচল রাখতে হবে।

সংসদের অতীত রীতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতে এই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামদ করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে। জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এটা হওয়া উচিত নয়। এটা তোষামদের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা।

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী ও আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তিনি উল্লেখ করেন, একটি কষ্টে ভোগা দল হিসেবে এক-দুই করে ১১ জনকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ১২ নম্বর জন এখানে জীবিত আছেন।