যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ইরানের ৬০০ কোটি ডলার ফিরছে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার কোম শহরে সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাত করেন এবং সেখানে এই ঘোষণা দেন। তিনি এই সমঝোতাকে ইরানের জনগণের জন্য একটি বড় বিজয় বলে আখ্যা দেন। তাঁর মতে, কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলার আটকে রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলছে। এই অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করা হচ্ছে যে, পারমাণবিক কার্যক্রম দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।