সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: এখন পর্যন্ত ১৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা প্রাণঘাতী জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংস্তূপ থেকে জীবিতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভেনেজুয়েলায় সৃষ্টি হওয়া ভয়াবহ জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ধ্বংসস্তূপগুলোতে উদ্ধার অভিযান এখনও চলছে এবং আজও জীবিতদের উদ্ধার করা হচ্ছে। এই অভিযান শিগগীরই শেষ হচ্ছে না বলে জানান তিনি।

গত ২৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

এই ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত ৭৭৪টি ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের পূর্বাভাস অনুযায়ী, মোট নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলার পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগুয়েজ আগে জানিয়েছিলেন, ধ্বংস্তূপ থেকে ১ হাজার ৪৫০ জনের মরদেহ এবং ৩ হাজার ১৫০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, সরকার এখনও নিখোঁজদের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে বিরোধী দলের দাবি, এখনও অন্তত ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পর দেশের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।