সব সংবাদ
খেলা

ব্রাজিল-জাপান নকআউট ম্যাচে রেফারি মাউরিজিও মারিয়ানি

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানিকে দায়িত্ব দিয়েছে। টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠেয় এই ম্যাচে তাকে সহায়তা করবেন দুই ইউরোপীয় সহকারী। তবে মারিয়ানির ক্যারিয়ারে বিতর্কিত পেনাল্টির ঘটনা রয়েছে।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের রেফারি চূড়ান্ত করেছে ফিফা। টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মারিয়ানির সঙ্গে থাকছেন একঝাঁক ইউরোপীয় রেফারি। মাঠের মূল দায়িত্বে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি। ম্যাচটিতে চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা। চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন। গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি। এবার নকআউটেও দেখা যাবে তাকে। তবে তাকে ঘিরে অতীতে কিছু বিতর্কও আছে। ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি আ', উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ২০২৪ সালে সিরি 'আ'তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর-এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি। এর আগে ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের মধ্যকার ম্যাচের একদম শেষ মুহূর্তে য়্যুভেন্তাসকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার মিলানের ফুটবলাররা ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার সঙ্গে দায়িত্ব পালনেরও রেকর্ড আছে ইতালিয়ান এই রেফারির। সে কারণেই হয়তোবা ফিফা আবারও তার ওপর আস্থা রাখছে।