শিক্ষার মানোন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. মারুফ
বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার কাজ করছে। পূর্বের সরকারের সময়ের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি দূর করে এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ড.মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা ব্যবস্থায় বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরী করতে সরকার কাজ করছে। ড. মারুফ আরও বলেন, বিএনপি সরকারের অন্যতম বড় অর্জন হলো দেশে নকলমুক্ত পাবলিক পরীক্ষা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন। চলতি বছরের এসএসসি পরীক্ষাও নকলমুক্ত হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। তিনি কিশোর গ্যাং, মাদক ও জুয়ার নেশা থেকে ছাত্র ও যুব সমাজকে সতর্ক করেন এবং এসব অপরাধ বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনী ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষিত হয়ে আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ড. মারুফ কলেজ ক্যাম্পাসে গাছ লাগান।