সব সংবাদ
জাতীয়

সবুজ বাংলাদেশ গড়তে গাছ লাগানোর বিকল্প নেই: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিটি পরিবারের অন্তত একটি গাছ লাগানো উচিত। গত রবিবার হেয়াকোতে ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

গতকাল রবিবার বিকেলে হেয়াকোতে ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে চারা বিতরণ কর্মসূচির অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সমবায় অফিসার এম এ শহিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দীন শাহীন, বিএনপি নেতা আবুল খায়ের, ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি নুরুল আফসার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

প্রধান অতিথি বলেন, সরকার ও রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সংগঠন ও সমবায় সমিতিগুলোকেও পরিবেশ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ নয়, বরং চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করতে হবে। তাহলেই এই উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে এক হাজার পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।