সব সংবাদ
জাতীয়

বিখ্যাত চারুশিল্পী মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বরেণ্য চারুশিল্পী, নাট্যনির্দেশক ও পাপেট শিল্পার মুস্তাফা মনোয়ার (৯১) সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বিকালে বনানী কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট চারুশিল্পী, নাট্যনির্দেশক এবং পাপেট চর্চার অন্যতম পুরোধা মুস্তাফা মনোয়ার আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই সব্যসাচী শিল্পী। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ায় গত কয়েক মাসে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সবশেষে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখান থেকে আর তিনি সুস্থ হয়ে ফেরেননি।

সোমবার দুপুরে তার মরদেহ ধানমন্ডির এক নম্বর সড়কে তার নিজের বাসভবনে আনা হয়। মঙ্গলবার সকাল ৯টায় প্রথমে মরদেহ নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ সেখানে রাখা হবে।

এরপর শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা যেন শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিকালের মধ্যে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের চারুশিল্পা জগতের একজন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর শিল্পকর্ম ও নির্দেশনা দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর প্রভাব রেখে গেছে।