সব সংবাদ
লাইফস্টাইল

গরমে মেকআপ থাকবে স্থায়ী, বিশেষজ্ঞের পরামর্শে দীর্ঘক্ষণ সতেজ লুক

গ্রীষ্মের তীব্র গরম ও বর্ষার আর্দ্র আবহাওয়ায় মেকআপ গলে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। ত্বকের অতিরিক্ত তেল ও ঘামের কারণে ফাউন্ডেশন ফেটে যায়, আইলাইনার ছড়িয়ে পড়ে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে মেকআপ দীর্ঘ সময় টিকিয়ে রাখা সম্ভব বলে জানিয়েছেন রূপচর্চা বিশেষজ্ঞরা।

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, মেকআপের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর অয়েল-ফ্রি বা জেল-বেসড হালকা ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, কিন্তু অতিরিক্ত তৈলাক্ত হয় না। মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের পাশাপাশি ফাউন্ডেশনকে ভালোভাবে বসতে সাহায্য করে। গরমের সময় লং-ওয়্যার, ওয়াটারপ্রুফ ও ট্রান্সফার-রেজিস্ট্যান্ট ফর্মুলার মেকআপ পণ্য ব্যবহার করলে ঘামেও মেকআপ সহজে নষ্ট হয় না। ভারি ফাউন্ডেশনের পরিবর্তে হালকা স্কিন টিন্ট বা টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় স্থানে কনসিলার দিয়ে স্পট-কারেকশন করলে মুখও স্বাভাবিক দেখায়। মেকআপের পর টি-জোনে (কপাল, নাক ও থুতনি) অল্প পরিমাণ সেটিং পাউডার ব্যবহার করলে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে। সবশেষে পুরো মুখে ফিক্সিং স্প্রে ব্যবহার করলে মেকআপ আরও দীর্ঘ সময় স্থায়ী হয় এবং আর্দ্রতার প্রভাবও কম পড়ে। অতিরিক্ত ঘাম হলে মুখ ঘষে মুছার পরিবর্তে টিস্যু বা ব্লটিং পেপার দিয়ে আলতোভাবে চেপে ঘাম শুষে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মেকআপ নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এবং সারাদিন লুক থাকে সতেজ।