এমপি হওয়ার পর মন ও শরীর দুটোই ভেঙে পড়েছে, সংসদ সদস্যের আবেগঘর স্ট্যাটাস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. মাহমুদা আলম মিতু ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন। এমপি হওয়ার পর তিনি মানসিক চাপের পাশাপাশি শারীরিক নানা রোগে আক্রান্ত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
ডা. মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এমপি হওয়ার পর তাঁর জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। রোববার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
মিতু লিখেছেন, তাঁর একটি সুন্দর, হাসিখুশি জীবন ছিল। দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে করতে নিজের অজান্তেই সেই জীবনটা অন্য এক জীবনে রূপ নিয়েছে। ২০২৪ সালে সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। শুধু তাঁর নয়, তাঁর মতো আরও অনেকের জীবনই হয়তো বদলে গেছে। মনের ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে।
এনসিপির এই নেত্রী বলেছেন, অনেকে ভাবেন, এমপি হয়েছে, কত কিছু পেয়েছে! কিন্তু সত্যিটা হলো, তাঁর এমন একটি ক্যারিয়ার, পরিচিতি এবং কাজের অভিজ্ঞতা ছিল, যা দিয়ে চাইলে আজকের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ উপার্জন করতে পারতেন। এমপি হওয়ার পর এই জীবনটাকে তিনি একদিনও উপভোগ করতে পারেননি।
তিনি আরও লেখেন, তিনি মাথা না নোয়ানো মেয়ে ছিলেন, কিন্তু এখন মাথা নোয়াতে হয়, সবার ভালোর জন্য কম্প্রোমাইজ করতে হয়। এখন আর মন চাইলেই প্রতিবাদ করতে পারেন না। অট্টহাসি দেখলেও বলতে পারেন না, একবার ভাবুন, কোথা থেকে কোথায় এসেছেন।
সংসদে যতবার জুলাই নিয়ে আলোচনা হয়, ততবার মনে হয় ভেতরের সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। কান্না পায়। সেই ছেলেগুলোর লাশ চোখে ভাসে কিন্তু সেই কান্নাটুকু চেপে লুকিয়ে ফেলতে হয়।
মিতু বলেছেন, ক্ষমতা মানুষকে সব সময় শক্তিশালী করে না, কখনো কখনো সবচেয়ে বড় মূল্য দিতে হয় নিজের স্বাভাবিক হাসি, নিজের স্বাধীনতা আর নিজের সত্তাকে। রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা আজ হয়তো অনেকেই অনুভব করছেন না। কিন্তু সময়ই একদিন এর মূল্য বুঝিয়ে দেবে। দিন শেষে সবচেয়ে বড় আশ্রয় একটাই, আল্লাহ আছেন।