চৌদ্দগ্রামে প্রেমঘটিত ছুরিকাঘাতে যুবক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় ক্ষুব্ধ কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রেমিকা নাইমা জাহান (১৫) গর্ভপাত ঘটানোর পর বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে।
২৯ জুন ২০২৬ সোমবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের বড় ছেলে। মোবাইলের মাধ্যমে পরিচয় হওয়া নাইমা জাহানের সাথে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে দুইজনে ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাত্রীযাপন করেছিল। সম্প্রতি নাইমার তিন মাসের গর্ভ নষ্ট করে সিয়াম। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে। এরই মধ্যে নাইমাকে বিশ হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে রোববার রাতে নাইমা লক্ষীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসে। সেখানে সিয়াম ও তার বন্ধু আরিয়ান খান মাহিদ রাত্রীযাপন করে। ভোরে সিয়াম নাইমাকে চলে যেতে বলে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে নাইমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নাইমা ও বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ অভিযুক্ত নাঈমা জাহানকে গ্রেফতার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে। ময়নাতদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।