কোম্পানীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ সার-কীটনাশক রাখায় দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সার, বীজ ও কীটনাশক সংরক্ষণের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। এম ইসলাম এন্ড ব্রাদার্সকে ২০ হাজার এবং বসুরহাট বীজ ভান্ডারকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী দোকানে ২০২৪ ও ২০২৫ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন রাসায়নিক সার, বীজ ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন। এই অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো এম ইসলাম এন্ড ব্রাদার্স এবং বসুরহাট বীজ ভান্ডার। তারা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রান্তিক কৃষকেরা যেন প্রতারিত না হন এবং বাজারে গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ নিশ্চিত করা যায়, সেজন্য এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।