সব সংবাদ
খেলা

২১৫ গোলের বন্যায় ১৬ দলের বিদায়, এবার নকআউটে ৩২ দলের লড়াই

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৭২ ম্যাচে মোট ২১৫টি গোল হয়ে গড়েছে সর্বকালের রেকর্ড। ১৬টি দল বিদায় নিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্ব, এখন শুরু নকআউট পর্বের টানটান উত্তেজনা।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে রোমাঞ্চকর উত্তেজনায়। ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম অধ্যায় সম্পন্ন হয়েছে অসাধারণ গোলবন্যা আর অপ্রত্যাশিত ফলাফলে ভরপুর হয়ে। আর্জেন্টিনা-জর্ডান ও আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পর্দা নেমেছে।

৭২টি ম্যাচে মোট ২১৫টি গোল হয়েছে, যা বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বকালের রেকর্ড। এই গোলসংখ্যা আগের আসরের পুরো টুর্নামেন্টের গোলসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। আক্রমণাত্মক ফুটবল আর উন্মুক্ত খেলার কারণে দর্শকরা গোল উৎসব দেখেছেন।

৪৮টি দলের মধ্যে শুধুমাত্র পানামা একটি গোলও করতে পারেনি। বাকি ৪৭টি দলই গোলের দেখা পেয়েছে।

গোল করার তালিকায় সবার ওপরে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস — তিন দলই করেছে ১০টি করে গোল। আর্জেন্টিনা ৮টি এবং ব্রাজিল ৭টি গোল করে তাদের পেছনে রয়েছে।

গ্রুপ পর্বে তিনটি হ্যাটট্রিক দেখা গেছে। আর্জেন্টিনার লিওনেল মেসি প্রথম হ্যাটট্রিক করেন। এরপর কানাডার জোনাথান ডেভিড এবং ফ্রান্সের উসমান দেম্বেলে নাম লেখান হ্যাটট্রিকের তালিকায়। দেম্বেলের হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততমগুলোর একটি।

ব্যক্তিগত গোলদাতাদের লড়াইয়ে সবার ওপরে আছেন মেসি। তিনি করেছেন ৬ গোল। ৪ গোল করে পেছনে রয়েছেন হলান্ড, এমবাপে, দেম্বেলে ও ভিনিসিয়ুস।

অন্যান্য পরিসংখ্যানে দেখা গেছে, ক্লিন শিটের কীর্তি গড়েছে মাত্র তিনটি দল — স্পেন, মেক্সিকো ও সেনেগাল। আত্মঘাতী গোল হয়েছে ১২টি। ৭২ ম্যাচে রেফারিরা দেখিয়েছেন ১৬৩টি হলুদ কার্ড ও ১০টি লাল কার্ড। সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৮০ হাজার ৮২৪ জন।

গ্রুপ পর্বের রোমাঞ্চ এখন শেষ। সামনে অপেক্ষা করছে নকআউট পর্বের টান টান উত্তেজনা। ১৯ জুলাই ফাইনালে কোন দল শিরোপা জিতবে, সেটা জানতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।