ব্রাজিল কোচের স্বীকৃতি: জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি
বিশ্বকাপের শেষ ৩২ পর্বে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি।
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত ব্রাজিল। আসন্ন শেষ ৩২-এর এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান ২-০ গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল। সেই একই জাপান দল এবার ব্রাজিলের প্রতিপক্ষ। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছেন। তিনি বলেছেন, ওই ম্যাচে বুঝতে পেরেছি জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা তাদের পুরোপুরি সম্মান করি। এই ম্যাচকে ফাইনাল মনে করে প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটা ফাইনালই। ম্যাচটি হিউস্টন সময় দুপুরে শুরু হবে। গ্রুপ পর্বে ব্রাজিল এত আগে কোনো ম্যাচ খেলেনি। তবে আনচেলত্তি এ নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, বেশি কিছু পাল্টাবে না। এই সময়টাতেই আমরা সাধারণত অনুশীলন করি। শেষ পর্বন্ত এটা একটা ফুটবল ম্যাচই তো। আনচেলত্তি আরও বলেন, আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিপক্ষ অনেক কঠিন, খুব ভালোভাবে গোছানো। মাঠে কী করতে চাই, সেটা পরিষ্কার থাকতে হবে। দলের অবস্থা নিয়ে তিনি বলেন, দল প্রস্তুত, উৎসাহী এবং আত্মবিশ্বাসী। তবে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক কঠিন।