সব সংবাদ
খেলা

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারছেন না জাপানের ‘মেসি’

জাপানের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, এই ‘জাপানি মেসি’ এখনো সেরে ওঠেননি।

জাপান জাতীয় দলের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না। আগামী সোমবার হিউস্টনে রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৫ বছর বয়সী এই ফুটবলার গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি।

রোববার অনুশীলন সেশনে কুবোকে দলের বাকিদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি। তিনি আলাদাভাবে মাঠে দৌড়াতে ও ব্যক্তিগত অনুশীলন করতে থাকেন। জাপান কোচ হাজিমে মরিয়াসু স্পষ্ট করে দেন যে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে কুবোকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

মরিয়াসু বলেন, কুবো এখনো শুধু একা দৌড়ানো ও ব্যক্তিগত অনুশীলন করছেন। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসাই সবার প্রত্যাশা।