বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিদায়: তদন্ত চাইলেন প্রেসিডেন্ট, পদ ছাড়লেন কোচ
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার ফুটবলে বড় সংকট। প্রেসিডেন্ট লি জে মিয়ং ব্যর্থতার কারণ তদন্তের আহ্বান জানিয়েছেন। পদ ছেডেছেন প্রধান কোচ হং মিয়ং-বো।
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া গ্রুপ 'এ' থেকে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে। তারা চেকিয়াকে হারিয়ে শুরু করলেও পরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলের তালিকায় জায়গা করতে পারেনি। ফলে গ্রুপ পর্বেই তাদের বিশ্বকাপ শেষ হয়ে যায়।
এই ব্যর্থতার পর প্রেসিডেন্ট লি জে মিয়ং সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বিবৃতি দেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার ফলাফলে তিনি শুধু বিস্মিত নন, পুরোপুরি হতবাক। বিশ্বকাপে রাষ্ট্রীয় সহায়তা ও করদাতাদের অর্থ ব্যয় হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বলেন।
লি চান, কীভাবে এই ব্যর্থতা হলো তার সুনির্দিষ্ট কারণ বের করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে ক্রীড়া প্রশাসনে প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেছেন তিনি। প্রেসিডেন্টের বক্তব্যে দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের কোচ নিয়োগপ্রক্রিয়া নিয়েও সমালোচনা ছিল।
রোববার প্রধান কোচ হং মিয়ং-বো পদ ছাড়ার কথা জানান। খেলোয়াড়ি জীবনে তিনি জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে ২০২৪ সাল থেকে দায়িত্বে ছিলেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে তার অধীনে দক্ষিণ কোরিয়া অপরাজিত থেকে মূল পর্বে উঠেছিল। কিন্তু চূড়ান্ত মঞ্চে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। হং বলেন, দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না, তবে দায়িত্বশীল থাকার কথাই ভেবেছেন তিনি।
এবার ব্যর্থতার পর প্রশ্ন শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নেই। কোচ নিয়োগ, ফুটবল প্রশাসন, সরকারি অর্থের ব্যবহার এবং ভবিষ্যতে সংস্কার, সবই আলোচনায় এসেছে। প্রেসিডেন্টের সরাসরি তদন্ত আহ্বান দক্ষিণ কোরিয়ার ফুটবলে বড় প্রশাসনিক চাপ তৈরি করেছে।