গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৭ শিক্ষক বরখাস্ত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আরেক শিক্ষককে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের দায়ে বরখাস্ত করা হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি বড় শৃঙ্খলামূলক সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ছুটিতে বিদেশে অবস্থানরত শিক্ষকদের বারবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওই ১৬ জন শিক্ষক কোনো সাড়া দেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় ওই শিক্ষকদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদেরকে ছুটির সময়ে নেওয়া অর্থ বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ১৬ জনের মধ্যে রয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন, আইন, লোকপ্রশাসন, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা শিক্ষা এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকরা।
অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্তে দেখা যায়, তিনি পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত নানা অনিয়মে জড়িত ছিলেন। শিক্ষা ছুটি শেষে দেশে ফিরলেও তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের তারিখ, থিসিস ডিফেন্সের সুপারভাইজারের প্রত্যয়নপত্র এবং ফেলোশিপ ট্রাস্টের ছাড়পত্রসহ প্রয়োজনীয় নথি জমা দেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার লিখিতভাবে যোগাযোগ করলেও তিনি কোনো জবাব দেননি। রিজেন্ট বোর্ডের পৃথক সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুন থেকে তাকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।