বিশ্বকাপ ফাইনালে কোন দুই দল যেতে পারে, অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস
ক্রীড়া বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ১৮.৭ শতাংশ। তবে নকআউট পর্বে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ।
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকেই সুপারকম্পিউটারের পূর্বাভাস আরও বাস্তবসম্পন্ন হয়ে উঠেছে। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন ৩২ দলে এসে ঠেকেছে। অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটারের প্রথম পূর্বাভাস মিলেও গেছে—রাউন্ড অব থার্টি টুর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডা জিতেছে। এবার জানা যাক সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ফাইনালে যাওয়ার সম্ভাবনা কোন দুই দলের সবচেয়ে বেশি।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, শেষ বত্রিশ থেকে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের—৮১.৫ শতাংশ। কিলিয়ান এমবাপ্পেদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৮.৭ শতাংশ—যা সব দলের মধ্যে সর্বোচ্চ।
ফ্রান্স শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে থাকলেও নকআউট পর্বের অন্যান্য ধাপে পার হওয়ার ক্ষেত্রে এগিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাউন্ড অব থার্টি টুতে অস্ট্রেলিয়াকে পাওয়া আর্জেন্টিনা শেষ ষোলোর পথে সবচেয়ে বেশি নিরাপত্তায়—জেতার সম্ভাবনা ৮৯.২ শতাংশ। কোয়ার্টার ফাইনাল (৭০.৫%), সেমিফাইনাল (৪৯.৬%) এবং ফাইনালে (৩০%) ওঠার সম্ভাবনার দিক থেকেও সবার ওপরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অর্থাৎ ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার পাল্লা ফ্রান্সের চেয়েও ভারী, যদিও ট্রফি ছোঁয়ার চূড়ান্ত মুহূর্তে কিছুটা এগিয়ে ফরাসিরাই।
তালিকায় তৃতীয় স্থানে আছে স্পেন, যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। হ্যারি কেইনদের ইংল্যান্ড ৯.৭ শতাংশ সম্ভাবনা নিয়ে আছে চতুর্থ স্থানে, আর নেইমার–ভিনিসিয়ুসদের ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ৬.৫ শতাংশ।
এছাড়াও নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। কলম্বিয়া (৩.২%), আর্লিং হলান্ডের নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) ও সুইজারল্যান্ড (২.২%) যেকোনো মুহূর্তে সমীকরণ বদলে দিতে পারে।
মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। গত আসরের চমক মরক্কো এবং সোনালি প্রজন্মের বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ। এশিয়ান পরাশক্তি জাপানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
তবে মনে রাখতে হবে, অপটার এই পূর্বাভাস কেবল গাণিতিক ও পরিসংখ্যানগত হিসাব। ফুটবল মাঠে ৯০ মিনিটে অনেক কিছুই হতে পারে।