ব্রাজিল কোচ জানালেন, জাপানের বিপক্ষে নেইমার কতক্ষণ খেলবেন
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট এবং ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ৯৮১ দিন পর জাতীয় দলে ফেরা নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ মিনিট খেলেছিলেন।
জাপানের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ বত্রিশে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারের গেম টাইম নিয়ে প্রশ্নের উত্তর দেন। আনচেলত্তি জানান, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তাকে কতক্ষণ খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর।
নেইমার ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ দিয়ে। সেদিন দ্বিতীয়ার্ধে নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
ব্রাজিল কোচ আরও জানান, ছন্দে থাকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে স্কটল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি বেশ কাজে দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা খুবই জরুরি।
আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সে ক্ষেত্রে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরিকোস্টের।