দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর দুপুরের মধ্যে ১১ জেলায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক পূর্বাবাসে জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট—এই ১১ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টি এবং কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দেওয়া হয়েছে। বিশেষত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।