সব সংবাদ
খেলা

হ্যারি কেইনের ওপর কালো জাদুর অভিশাপ! ঘানার ওঝার দাবি নিয়ে তোলপাড়

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা অধিনায়ক হ্যারি কেইনের ওপর ঘানার এক কথিত জাদুকর অভিশাপ দিয়েছিলেন বলে দাবি উঠেছে। পরে পেরুর শামানরা সেই অভিশাপ দূর করতে বিশেষ আচার অনুষ্ঠান করেন।

২০২৬ বিশ্বকাপ এখনো চলছে, আর মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা অদ্ভুত ঘটনাও আলোচনার জন্ম দিচ্ছে। সম্প্রতি একটি বিষয় বেশ আলোড়ন তুলেছে। ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে দেশটির এক কথিত জাদুকর দাবি করেছিলেন, তিনি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর এমন অভিশাপ দিয়েছেন, যাতে তিনি গোল করতে না পারেন। সেই ম্যাচে কেইন একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পাননি। একবার প্রায় ফাঁকা পোস্ট পেয়েও বল পাঠিয়েছেন ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর ওই জাদুকরকে নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। অনেকে এতে বিশ্বাসও করতে শুরু করেছেন। এরপরই আলোচনায় আসে পেরুর শামানরা। দক্ষিণ আমেরিকায় দেশটিতে শামানদের ভবিষ্যদ্বাণী ও আধ্যাত্মিক আচার-অনুষ্ঠান বেশ জনপ্রিয়। তারা এবার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হ্যারি কেইনের ওপর থেকে কথিত অভিশাপ দূর করার এক বিশেষ আচার সম্পন্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেইনের একটি কার্ডবোর্ড প্রতিকৃতি সামনে রেখে শামানরা বিভিন্ন ধর্মীয় ও লোকজ আচার পালন করছেন। তাদের একজন দাবি করেন, কেইনের উপর কালো জাদুর প্রভাব রয়েছে। তারা সেই নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করছেন, যাতে সে স্বাধীনভাবে খেলতে পারে। এসব কর্মকাণ্ডে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবু ঘটনাক্রম অনেকের কৌতূহল বাড়িয়েছে। কারণ, শামানদের ওই আচার পালনের পরই পানামার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পান কেইন। ম্যাচে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগান কেইন। বেলিংহামের গোলের মাত্র পাঁচ মিনিট পর কেইন নিজের নাম লেখান স্কোরশিটে। তার সেই গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।