আফগান সীমান্তে পাক বাহিনীর বিশাল অভিযান, ২৯ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে ২৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠন টিটিপি ও জামাতুল আহরারের সদস্য। এই অভিযান ছিল 'অপারেশন গজব-লিল হক'-এর অংশ।
রোববার রাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্তে এক যৌথ অভিযান পরিচালনা করে, যেখানে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার সীমান্তের ওপারে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি), যাকে পাকিস্তানে 'ফিৎনা আল খার্জি' বলা হয়, এবং জামাতুল আহরারের জঙ্গিদের আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ অভিযানে টিটিপির উচ্চপর্যায়ের কমান্ডার খান ফারোশ আকা জাবালও নিহত হয়েছেন। জানা গেছে, খান ফারোশ জামাতুল আহরারের শীর্ষ সংগঠক ছিলেন। এটি ছিল পাকিস্তানের 'অপারেশন গজব-লিল হক'-এর অংশ। এর আগে শনিবার রাতে করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ৩ কর্মকর্তা নিহত হয়েছিলেন। পাল্টা হামলায় ৩ সন্ত্রাসী নিহত ও ১ জন আহত হয়ে গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদে সে জামাতুল আহরারের সদস্য বলে স্বীকার করে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিকে সহযোগিতা করছে, তবে আফগানিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।