হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে রামপুরায় পুলিশের গুলিতে দুইজন শহীদ ও একজন আহত হওয়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রামপুরায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম শহীদ হন। একই ঘটনায় আমির হোসেন নামে এক তরুণ নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে আহত হন। পরে তিনি বেঁচে যান। এই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছর এবং সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রমাণিত হয়েছে যে কমিশনার হাবিবুর রহমান মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। মামলার চার আসামি পলাতক রয়েছেন।