রাশিয়ার বিশ্বরেকর্ড: ১৯০ কিমি দূর থেকে ইউক্রেনের যুদ্ধবিমান ধ্বংস
রাশিয়া একটি নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে। তারা ১৯০ কিলোমিটার দূর থেকে একটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করেছে। এই হামলায় রুশ সু-৩৫এস যুদ্ধবিমান থেকে আর-৩৭এম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
আকাশ যুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গত ২৬-২৭ জুনের রাতে, রাশিয়ার একটি সু-৩৫এস যুদ্ধবিমান প্রায় ১৯০ কিলোমিটার (১১৫ মাইল) দূর থেকে ইউক্রেনের একটি মিগ-২৯ যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘপাল্লার বিমান-বিধ্বংসী হামলার রেকর্ড।
এই অপারেশনে রাশিয়ার অত্যন্ত শক্তিশালী আর-৩৭এম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ৬ গুণ দ্রুত (মাক ৬) গতিতে ছুটতে পারে। ইউক্রেনীয় পাইলট রাডারে বিপদ টের পাওয়ার আগেই মিসাইলটি আঘাত হানে।
রুশ সু-৩এস যুদ্ধবিমানটি রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে অবস্থান করছিল, যেখানে ইউক্রেনীয় মিগ-২৯ বিমানটি পলতাভা অঞ্চলের আকাশে উড়ছিল। দূরপাল্লার নজরদারি বিমান এ-৫০ইউ এবং গ্রাউন্ড রাডারের সাহায্যে টার্গেট চিহ্নিত করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। ইউক্রেন সরকারিভাবে নিশ্চিত করেছে যে তাদের বিমানটি ধ্বংস হয়েছে, তবে পাইলট সফলভাবে ইজেক্ট করে বেঁচে ফিরতে পেরেছেন।
আর-৩৭এম ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ৪.০৬ মিটার, ওজন প্রায় ৫১০ কেজি (যার মধ্যে ৬০ কেজি বিস্ফোরক থাকে) এবং এর সর্বোচ্চ পাল্লা ৩০০ থেকে ৪০০ কিলোমিটার।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ঘটনা আধুনিক আকাশযুদ্ধের রণকৌশলকে পুরোপুরি বদলে দিচ্ছে। এখন ফ্রন্টলাইনে মুখোমুখি লড়াইয়ের চেয়ে কে আগে দূর থেকে নিখুঁতভাবে শত্রুকে আঘাত করতে পারছে, সেটাই জয়ের চাবিকাঠি।