সব সংবাদ
আন্তর্জাতিক

পাকিস্তান-আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর বড় অভিযান, ২৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান চালিয়েছে। এতে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এটি দেশজুড়ে সন্ত্রাসী হামলার জবাবে পরিচালিত বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এরপর সন্ত্রাসীদের আস্তানায় পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়, যেখানে ২৯ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এর এক দিন আগে, করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে এবং আহত অবস্থায় আরও একজনকে গ্রেফতার করে, যে আফগান নাগরিক বলে জানানো হয়েছে। শনিবার রাতে দেওয়া বিবৃতিতে করাচির হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া গোষ্ঠী জামাত-উল-আহরার। তথ্যমন্ত্রী তারার আরও জানান, আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সর্বশেষ অভিযানে পাকিস্তানি তালেবানের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।