ইরানের সর্বোচ্চ নেতার দাবি: যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতাদের বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশুহত্যার অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন। তিনি ২০২৫ ও ২০২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত সামরিক অভিযানে শিশু হত্যা ও বেসামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করেন।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশুহত্যার অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় তিনি দাবি করেন, ২০২৫ ও ২০২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত সামরিক অভিযানে শিশু হত্যা, বেসামরিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশীয় আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করা উচিত।
১৯৮১ সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য রাজনৈতিক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
খামেনি মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে সংঘটিত হামলার প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেন, ওই ঘটনায় বহু শিশু ও শিক্ষক নিহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলায় ১৭৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের বড় একটি অংশ ছিল শিশু।
তিনি বলেন, মিনাব ও লামার্দে সংঘটিত হামলাসহ বেসামরিক স্থাপনা, চিকিৎসাকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আঘাতের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের পরিপন্থী। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি আরও বলেন, এসব ঘটনার কারণে ইরানি জনগণ ব্যাপক শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে।