সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৫০০ ছাড়াল

ভেনেজুয়েলায় সাম্প্রতিক দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে ৪০ কিলোমিটার উত্তরে লা গুয়াইরা উপকূলীয় অঞ্চল। এখন পর্যন্ত অন্তত ৭৭৪টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ভেনেজুয়েলায় গত ২৪ জুন অল্প সময়ের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিশেষজ্ঞদের মতে 'যুগ্ম ভূমিকম্প' হিসেবে চিহ্নিত। এটি গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে এবং ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১২ হাজার ৭২১ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তাঁর ছেলেকে জীবিত উদ্ধার করার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে বিরোধীদল-সমর্থিত একটি ওয়েবসাইটের দাবি, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ক্রমাগত অনুকম্পন চলতে থাকায় উদ্ধার অভিযান আরও জটিল হয়ে উঠেছে। দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি এবং উদ্ধার অভিযান আরও জোরদার করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা তা নির্ধারণে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার। লা গুয়াইরা অঞ্চলে আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।