বিশ্বকাপের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ তদন্ত শুরু
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে কেপ ভার্দে ফুটবল দলে বড় সংকট। অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি গত মার্চ মাসে নিউজিল্যান্ডে ঘটেছিল বলে জানা গেছে।
কেপ ভার্দে ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্রাজিলিয়ান দৈনিক 'ও'গ্লোবো'র প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত মার্চ মাসে নিউজিল্যান্ডে চিলি ও কেপ ভার্দেকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই সময় কেপ ভার্দে দলের ভাষাগত সুবিধার জন্য একজন ব্রাজিলিয়ান নারীকে দোভাষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ওই নারী মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, কেপ ভার্দে দল যে হোটেলে অবস্থান করছিল, সেখানে একটি কক্ষের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সেখানে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং একটি পার্টি। একপর্যায়ে শরীর খারাপ লাগায় তিনি নিজের কক্ষে ফিরে যান। এরপর মেন্ডেস তাঁর কক্ষে এসে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। ৩৬ বছর বয়সী মেন্ডেস তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলেন। তাঁর বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর গত মাসে বিশ্বকাপ শুরুর আগেই নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানায়। নিউজিল্যান্ডের আইনে যৌন নিপীড়নের মতো অপরাধের শাস্তি কঠোর। অভিযোগ প্রমাণিত হলে মেন্ডেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। একদিকে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার বিরুদ্ধে স্বপ্নের ম্যাচ খেলার রোমাঞ্চ, অন্যদিকে অধিনায়কের এই অন্ধকার অধ্যায়—সব মিলিয়ে এক চরম টানাপোড়েনের মধ্যেই পড়ে গেল কেপ ভার্দে ফুটবল দল।