সব সংবাদ
খেলা

বিশ্বকাপ নকআউট: সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে কারা?

গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে নকআউট পর্ব। ফুটবল ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অপ্টার সুপারকম্পিউটার শেষ ৩২-এর জয়ী দলগুলোর পূর্বাভাস দিয়েছে। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও জার্মানি সবচেয়ে এগিয়ে। ব্রাজিল-জাপান ও পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ হবে জমজমাট।

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে এবার শুরু হয়েছে নকআউট পর্ব। এই পর্বে যেকোনো একটি ম্যাচে একটি ভুল হলেই স্বপ্নভঙ্গ হয়ে যেতে পারে যেকোনো দলের। ফুটবল ডেটা অ্যানালিটিক্সের জনপ্রিয় প্ল্যাটফর্ম অপ্টার সুপারকম্পিউটার শেষ ৩২-এর জয়ী দলগুলোর নাম জানিয়ে দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সিমুলেশন অনুযায়ী, এবারের শেষ ৩২-এর সবচেয়ে একপেশি ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে। আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৮৭.৮৭ শতাংশ, আর কেপ ভার্দের ভাগ্য মাত্র ১২.১৩ শতাংশে। লিওনেল মেসির আর্জেন্টিনা যেমন এগিয়ে, তেমনই কিলিয়ান এমবাপের ফ্রান্স ও শক্তিশালী স্পেনও অনায়াস জয়ের পথে। সুইডেনের বিপক্ষে ফরাসীদের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ এবং অস্ট্রিয়ার বিপক্ষে স্প্যানিশদের কোয়ার্টারে যাওয়ার চান্স ৮৩.১৪ শতাংশ।

শেষ আটের দিকে তাকিয়ে আছে থমাস টুখেলের ইংল্যান্ড ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের রেটিং ৮২.২৫ শতাংশ এবং প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির জয়ের সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ।

উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্রও বেশ স্বস্তিতে রয়েছে। বসনিয়ার বিপক্ষে মার্কিনদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ। লাতিন পরাশক্তি কলম্বিয়া ঘানার বিপক্ষে ৭৪.৫৮ শতাংশ ব্যবধানে এগিয়ে।

ফুটবল ভক্তদের চোখ থাকবে মূলত ব্রাজিল ও পর্তুগালের ম্যাচের দিকে। এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ। ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালকে এগিয়ে রাখা হয়েছে ৬৭.৩০ শতাংশ সম্ভাবনা দিয়ে।

অন্যান্য ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে আর্লিং হালান্ডের নরওয়ে এগিয়ে আছে ৬৮.০৫ শতাংশ ব্যবধানে। আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের কোয়ার্টারে যাওয়ার সুযোগ ৬৪.৯০ শতাংশ।

বাকি ম্যাচগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ এবং ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকো এগিয়ে আছে ৬০.১৯ শতাংশ ব্যবধানে। সবচেয়ে কঠিন ও স্নায়ুক্ষয়ী লড়াই হবে বেলজিয়াম বনাম সেনেগাল এবং মিশর বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়ের চান্স ৫৬.৬৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সালাহর মিশর কোনোমতে এগিয়ে আছে মাত্র ৫৪.৩৪ শতাংশ সম্ভাবনা নিয়ে।