ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলায় সুদের এক লাখ টাকা পাওয়ার দাবি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে এই সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পাশের ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। কিন্তু খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুপক্ষের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। এরপর রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে দুই গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।