৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত: মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৭১ সালের ভূমিকার জন্য জামায়াত একবারও ক্ষমা প্রার্থনা করেনি।
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ৭১ সালের ভূমিকার জন্য জামায়াত একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। তবে তারা তা করতে পারেননি। উপরন্তু তাদের নেতা প্রফেসর গোলাম আজম বলেছিলেন ৭১-এ তারা ভুল করেননি। তিনি আরও বলেন, এখনো সময় আছে এবং জামায়াতের উচিত বাংলাদেশ সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা। তারা যদি এই ভুল স্বীকার করে নেন, তাহলে তাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্ত্রী বলেন, এনসিপি এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তিনি আশা প্রকাশ করেন, এনসিপি তাদের রাজনীতি আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০২ সালে চীন সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে তারেক রহমানকে বলেছিলেন, 'ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার'। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা ও সার্বভৌমত্বের পতাকা নিয়ে আবারও চীন গিয়েছিলেন এবং সেই পতাকা নিয়েই ফিরে এসেছেন।