সব সংবাদ
খেলা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ শুরু, কোন ম্যাচগুলো সবচেয়ে আকর্ষণীয়?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হচ্ছে নকআউট রাউন্ড। এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপে রাউন্ড অব ৩২ অনুষ্ঠিত হচ্ছে। ব্রাজিল-জাপান ও পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ দুটি সবচেয়ে আলোচিত।

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে। আজ থেকেই শুরু হচ্ছে নক আউট রাউন্ড। এখন থেকে কোনো ম্যাচ হারলে সেই দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। ৪৮ দলের এই বিশ্বকাপে এবারই প্রথম রাউন্ড অব ৩২ অনুষ্ঠিত হচ্ছে। মোট ৩২টি দল ১৬টি ম্যাচ খেলবে। এই ১৬টি ম্যাচের বিজয়ী দল রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করবে।

বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আসা বিভিন্ন দেশের সাংবাদিকদের কাছে ব্রাজিল-জাপান ও পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ দুটি এই পর্বে সবচেয়ে আকর্ষণীয় বলে বিবেচিত হচ্ছে।

বিগত ১৭টি বিশ্বকাপ কাভার করা জার্মান সাংবাদিক হর্টমুন্ড বলেছেন, টুর্নামেন্টের ফরম্যাটের জন্য প্রথম রাউন্ডে খুব বড় কোনো দল বাদ পড়েনি। রাউন্ড অফ ৩২-এ ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ দুটোই বেশি আকর্ষণীয়। কারণ দুই দলের প্রতিপক্ষই বেশ শক্তিশালী। এই পর্বে এই দুটো ম্যাচই বেশি আলোচনায় থাকবে।

ফরাসি সাংবাদিক লেপেজ একমত পোষণ করে আরেকটি ম্যাচ যোগ করেছেন। তিনি বলেছেন, জাপান ফুটবলে দুর্দান্ত উন্নতি করেছে। ব্রাজিলকে তারা একবার হারিয়েছেও। ফলে ম্যাচটি অবশ্যই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা পড়েছে। মদ্রিচ ও রোনালদোর দ্বৈরথ এই রাউন্ডে সবচেয়ে উপভোগ্য হবে। বিশ্বকাপ থেকে একজন বিদায় নেবে, এটা রুঢ় বাস্তবতা। এর পাশাপাশি মরক্কো ও নেদারল্যান্ডস ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট একদল এই পর্বে বাদ পড়বে।

গতবারের ফাইনালিস্ট ফ্রান্স এবার দারুণ ছন্দে আছে। তাদের প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। আর্জেন্টিনা ও ফ্রান্সের জয় পেতে তেমন সমস্যা হবে না বলে মনে করেন ইংল্যান্ডের সাংবাদিক ডেভিড। তিনি বলেছেন, কেপ ভার্দে নকআউটে উঠে চমক দেখিয়েছে। আর্জেন্টিনাকে কিছুটা বেগ দেয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত মেসিদের জয় পাওয়া কষ্ট হওয়ার কথা নয়। তেমনি ফ্রান্সও সুইডেনকে হারাতে সমস্যা হওয়ার কথা নয়।

মূল প্রতিবেদন (Reference): রাউন্ড অব ৩২-এ তিন ম্যাচে আকর্ষণ — Dhaka Post