সব সংবাদ
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে কুমিল্লার শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও ৪ শিক্ষক প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে তারা সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও ৪ শিক্ষক প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে গতকাল রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা 'সুরভী'র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরিদর্শনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ। জাতীয় সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়। শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। এ ছাড়া, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে তারা।