এবারও অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করল এনবিআর
আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন করবর্ষে ব্যক্তিশ্রেণির সকল করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। তবে বিদেশি নাগরিক, ৬৫ বছরের বেশি বয়সী, শারীরিকভাবে অসমর্থ এবং বিদেশে থাকা বাংলাদেশিরা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। আগামী ১ জুলাই থেকে যে নতুন করবর্ষ শুরু হচ্ছে, সেখানে চলতি আয়বর্ষের (গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত) আয়ের ওপর রিটার্ন জমা দিতে হবে।
এই বাধ্যবাধকতার বাইরে রয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার প্রতিনিধি। তবে তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত জটিলতায় অনলাইনে জমা দিতে না পারলে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ম্যানুয়াল রিটার্ন জমার সুযোগও রাখা হয়েছে।
নতুন করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণিতে সারাবছর রিটার্ন দাখিলের প্রস্তাব করা হয়েছে, যেখানে প্রথম প্রান্তিকে (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) জমা দিলে ৫ শতাংশ হারে ছাড় পাওয়া যাবে। তবে ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকা। দ্বিতীয় প্রান্তিকে (১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর) জমা দিলে কোনো ছাড় মিলবে না, তবে অতিরিক্ত করও দিতে হবে না। তৃতীয় প্রান্তিকে (১ জানুয়ারি থেকে ৩১ মার্চ) জমা দিলে বিলম্বে রিটার্নের জন্য জরিমানা দিতে হবে, যা করের ২ শতাংশ বা সর্বোচ্চ ৩ হাজার টাকা। শেষ প্রান্তিকে (১ এপ্রিল থেকে ৩০ জুন) জমা দিলে জরিমানা হবে করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা।
বর্তমান আইন অনুযায়ী একজন করদাতা স্বাভাবিক নিয়মে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারেন। চলতি করবর্ষে সকলের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় সময় বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল। যারা পারবে না তাদের জন্য ওই সময়ের মধ্যে আবেদন করে ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ ছিল।