সব সংবাদ
জাতীয়

ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ, সাত জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র রোববার সাত জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে। একই সময়ে আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ ছয় জেলায় মৃদু তাপপ্রবাহের তথ্য জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার একটি বুলেটিন প্রকাশ করেছে, যেখানে সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদী বন্যার আভাস দেওয়া হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই দিন সন্ধ্যা ৬টার দিকে তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে এবং বিগত তিন ঘণ্টায় সেখানে ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদী দুটি সিলেট ও সুনামগঞ্জ জেলায় কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং সোমবারের মধ্যে অনেক স্থানে তাপপ্রবাহ কমে যেতে পারে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও নীলফামারীর ডিমলায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রামের কুতুবদিয়ায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।