সব সংবাদ
ফেনী

ফেনীর কৃতি সন্তান ব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধান নিযুক্ত

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।

সরকার ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর আগে গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে সিআইডির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছিল। ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ভূইয়া বাড়ির বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।