ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ২ লাখ ৫৩ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। গতকাল রোববার সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। এ সময় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী জেলায় ১ হাজার ১৩৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য প্রায় ২ হাজার ৩০০ জন দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি দূরীকরণ এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া কোনো শিশু যাতে এই কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে আরও ৪ দিন পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।