চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৩২০ পিস ট্রাক যন্ত্রাংশসহ চোরাকারবারী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির একটি সফল অভিযানে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। পাথরবোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ মাহফুজুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে এসব ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ তাকে আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আটক চোরাকারবারী শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। বিজিবির অধিনায়ক জানান, ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে ট্রাকের যন্ত্রাংশের চালান দেশে ঢুকেছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে পিরোজপুর এলাকায় একটি বাংলাদেশী পাথরবোঝাই ট্রাকে তল্লাশী চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। এ সময় পাথরের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় মাহফুজুর রহমানকে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জব্দকৃত মালামালসহ চোরাকারবারীকে থানায় হস্তান্তর করেছে বিজিবি এবং বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত শুক্রবার সোনামসজিদ এলাকার পরিত্যক্ত একটি পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি।