হবিগঞ্জে বিশ্বকাপ ম্যাচ দেখা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ২০ জন আহত
হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার সময় চেয়ারে বসা নিয়ে বিরোধ শুরু হয়, যা বিকেলে সংঘর্ষে রূপ নেয়। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে রোববার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জেরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দ্য ডেইলি স্টারকে জানান, ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।