সব সংবাদ
জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ সমাজ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী শক্তি ও গণমাধ্যমের তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রোববার সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা: গণমাধ্যম ও তরুণদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শাহ ইসরাত আজম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা শুধু বিশেষজ্ঞদের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। তরুণদের উদ্ভাবনী শক্তি ও স্বেচ্ছাসেবী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ু–সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান আলোচক হিসেবে দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার (কান্ট্রি) পিনাকী রায় বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ভবিষ্যতের নয়, বর্তমানের সংকট। দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব ভিন্ন ভিন্নভাবে দেখা যাচ্ছে। এসব বাস্তবতা মানুষের সামনে তুলে ধরা এবং গবেষণা ও নীতিনির্ধারণে সহায়ক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ঘোষণা দেন এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।