সব সংবাদ
অন্যান্য

কারিগরি সমস্যায় বন্ধ দুই বিদ্যুৎকেন্দ্র, ঢাকাসহ সারাদেশে লোডশেডিং

দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সঞ্চালন গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে আগামী ২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে রোববার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, কারিগরি সমস্যার কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে সঞ্চালন গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে। মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউব লিক হয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকায় কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আংশিক বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। মন্ত্রী আরও বলেন, এটিকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে এ কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সংসদে বিবৃতি দেওয়ার আগে তিনি বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে আগামী ২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের তীব্রতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।