সব সংবাদ
অন্যান্য

ছাগলকে জোরপূর্বক পানি খাওয়ানোর অভিযোগে চাঁন বাদশা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে একটি ছাগলকে মোটাতাজা দেখানোর জন্য পাইপ দিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর ঘটনায় পুলিশ চাঁন বাদশাকে গ্রেফতার করেছে। এর আগে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের বাসিন্দা চাঁন বাদশা (৩৫) তার ছাগলকে বেশি দামে বিক্রির জন্য মোটাতাজা দেখাতে নির্মম পদ্ধতি ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৪ জুন রূপসদী বাজারে ছাগলটিকে পাইপ দিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই নিষ্ঠুর আচরণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে শাস্তির দাবি জানান। ঘটনার পর শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎকে আটক করে পুলিশ। এরপর রোববার ২৮ জুন ভোরে কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে চাঁন বাদশাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তে নামে পুলিশ। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।