সব সংবাদ
রাজনীতি

সংসদে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

সরকারি দলের হুইপ আশরাফ উদ্দিন নিজান সংসদে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

সরকারি দলের হুইপ আশরাফ উদ্দিন নিজান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি উত্থাপন করেন। তিনি বলেন, গত ১৭ বছরে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, টেলিভিশন টকশো ও সেমিনারে অংশ নিয়েছেন, তাদের অনেকেই আজও অবহেলিত রয়েছেন। তাদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী নির্যাতন, কারাবাস ও নানা ধরনের ক্ষতির শিকার হয়েছেন। তাদের জন্য পৃথক প্রকল্প বা পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা উচিত। তিনি সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হলে সবাইকে সততা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দুর্বল করতে পারবে না।