টেকনিক্যাল ত্রুটি ও সমুদ্রের উত্তাল পরিস্থিতিতে জাতীয় গ্রিডে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি
বিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল সমস্যা এবং বঙ্গোপসাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন মন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে জানিয়েছেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় ওই কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ করতে হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না, যার ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে। এই দুই কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে মন্ত্রী জানান। তিনি আরও বলেন, এই পরিস্থিতি নিয়ে তিনি ড. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন এবং বিষয়টিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সংসদের সব সদস্য ও দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে। ২৮ জুন রোববার জাতীয় সংসদে বিধি-৩০০ এর আওতায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।