সৈয়দপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এবারে পৌর এলাকার ২৬ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
নীলফামারীর সৈয়দপুরে শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের পুষ্টিহীনতা দূরীকরণের উদ্দেশ্যে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) সকালে সৈয়দপুর পৌর এলাকার ২৬ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে সৈয়দপুর পৌরসভা। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের ৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৪৯০ শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৬১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫৩৯ জন শিশুকে নীল এবং ২৩ হাজার ৯৫০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নেও এই ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা ক্যাম্পেইন সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, কোনো শিশু যাতে বাদ না যায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাদের নিরলস পরিশ্রম ও ব্যাপক প্রচারের কারণে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর নির্ধারিত লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে।